হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ কোম নগরীর বিপুলসংখ্যক মানুষ, বিশেষ করে আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব এবং আহলে বাইত (আ.)-এর পবিত্র মাযহাবের অনুসারীরা এক মহান মারজায়ে তাকলিদ ও প্রাজ্ঞ ফকিহের মরদেহ কাঁধে তুলে জানাজায় অংশগ্রহণ করেন। আধ্যাত্মিকতা ও ফিকাহশাস্ত্রের জগতে তিনি সত্যিই ছিলেন তাঁর সময়ের বিরল ব্যক্তিত্ব।
প্রকৃতপক্ষে, এমন সত্যনিষ্ঠ ব্যক্তিত্ব এবং ইসলামী ও শিয়া সমাজে প্রভাবশালী মহান ফকিহদের ইন্তেকাল কেবল বাহ্যিক কোনো শূন্যতা নয়; বরং গভীরভাবে বিবেচনা করলে এটি এক ধরনের ‘অস্তিত্বগত শূন্যতা’। এই দৃষ্টিকোণ থেকেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর এই মূল্যবান বাণীর তাৎপর্য উপলব্ধি করা যায়:
«إِذَا مَاتَ الْعَالِمُ الفقیه ثُلِمَ فِی الْإِسْلَامِ ثُلْمَةٌ لَا یَسُدُّهَا شَیْءٌ إِلَی یَوْمِ الْقِیَامَةِ»
‘যখন কোনো আলেম ও ফকিহ ইন্তেকাল করেন, তখন ইসলামে এমন এক অপূরণীয় ফাটল সৃষ্টি হয়, যা কিয়ামত পর্যন্ত কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়।’
ফিকাহশাস্ত্রের পথের অনুসারীদের জন্য এক চিরস্মরণীয় আদর্শ
আয়াতুল্লাহিল উজমা হুসাইন ওয়াহিদ খোরাসানি (রহ.) নিঃসন্দেহে ফিকাহশাস্ত্রের অন্যতম সুদৃঢ় স্তম্ভ এবং আহলে বাইত (আ.)-এর বিশুদ্ধ সংস্কৃতির ব্যাখ্যা ও প্রচারের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহর বিধিবিধান ব্যাখ্যা করার ক্ষেত্রে তাঁর অবিচল সাধনা এবং ফিকাহশাস্ত্রীয় সিদ্ধান্ত গ্রহণে তাঁর অসাধারণ সূক্ষ্মদৃষ্টি হাওজায়ে ইলমিয়াগুলোর জন্য এক শক্তিশালী ভিত্তি এবং ফিকাহশাস্ত্রের পথের অনুসারীদের জন্য এক চিরস্মরণীয় আদর্শ হয়ে থাকবে।
আজ আহলে বাইতের (আ.) আবাসভূমি কুম নগরীর ধর্মপ্রাণ ও কৃতজ্ঞ মানুষ হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারের দিকে যাওয়া সড়কগুলোতে শুধু একজন ফকিহের মরদেহের জানাজায় অংশ নেননি; বরং এমন এক ব্যক্তিত্বকে বিদায় জানিয়েছেন, যিনি ছিলেন বেলায়েতভিত্তিক ফিকাহশাস্ত্রের প্রতীক। তাঁর জীবনাচরণ ছিল সমকালীন যুগে প্রকৃত ধর্মপরায়ণতার জীবন্ত প্রতিফলন।
বিরল প্রতিভার অধিকারী শিক্ষকের জানাজায় শিষ্যদের বিশাল সমাগম
আজ এই মহান আলেমের পবিত্র মরদেহের জাঁকজমকপূর্ণ জানাজায় অসংখ্য শিষ্য ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে শোকাহত হৃদয়ে এবং অশ্রুসিক্ত নয়নে অংশগ্রহণ করেন। তাঁরা নিঃসন্দেহে সাক্ষ্য দেবেন যে, তাঁর জীবনে ফিকাহশাস্ত্র ছিল আল্লাহর ইবাদত-বন্দেগির পথে প্রয়োজনীয় বিষয়গুলো উপলব্ধি করার একটি মাধ্যম। একই সঙ্গে আহলে বাইতের (আ.) মাযহাবের শিক্ষা অনুসারে ভালোবাসা ও আত্মিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও এটি ছিল গুরুত্বপূর্ণ উপায়।
এই দৃষ্টিকোণ থেকে তাঁর আন্তরিক ও চিরস্মরণীয় অবদানগুলোকে আহলে বাইতের (আ.) প্রতি ভালোবাসার মানদণ্ডেই মূল্যায়ন করা উচিত।
মরহুম আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি (রহ.)-এর পবিত্র আহলে বাইতের প্রতি, বিশেষ করে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর প্রতি ভালোবাসা ও গভীর অনুরাগ কেবল মৌখিক কোনো দাবি ছিল না; বরং তা ছিল তাঁর আধ্যাত্মিক সত্তার অবিচ্ছেদ্য অংশ, যা তাঁর প্রতিটি পদক্ষেপ ও দৃষ্টিভঙ্গিতে প্রতিফলিত হতো।
‘ইয়া হুসাইন (আ.)’ ও ‘ইয়া যাহরা (সা.আ.)’ ধ্বনিতে ঐতিহাসিক বিদায়
আজ পবিত্র কুম নগরীর কেন্দ্রীয় সড়কগুলোতে, বিশেষ করে আহলে বাইতের (আ.) সম্মানিতা নারীর মাজারের আশপাশে শোকাহত মানুষের বিশাল জনসমাগম ঘটে। শোকানুষ্ঠানের পাশাপাশি ‘ইয়া হুসাইন (আ.)’ ও ‘ইয়া যাহরা (সা.আ.)’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এই দৃশ্য স্মরণ করিয়ে দিচ্ছিল, আহলে বাইতের (আ.) পবিত্র ব্যক্তিত্বদের শাহাদাতবার্ষিকী, বিশেষ করে আইয়ামে ফাতিমিয়ায় মরহুম আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি (রহ.) এবং অসংখ্য আলেমের উপস্থিতিতে অনুষ্ঠিত শোকানুষ্ঠানগুলোর কথা। সে সময় তাঁরা কোম নগরীর শহীদ সড়ক (সাফায়েইয়া) থেকে আহলে বাইতের (আ.) সম্মানিতা নারীর মাজারের দিকে শোকমিছিল নিয়ে অগ্রসর হতেন এবং হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর দরবারে উপস্থিত হয়ে তাঁর সম্মানিত পরিবারের ওপর নেমে আসা শোকাবহ ঘটনাগুলোর জন্য সমবেদনা জানাতেন।
মরহুম আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি (রহ.) মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর পবিত্র বংশধরদের মাযহাবের প্রতি ভালোবাসা ও নিষ্ঠাকে বেলায়েতভিত্তিক ফিকাহশাস্ত্র, আদর্শিক চেতনা এবং উম্মাহর সেবার গভীর বন্ধনে বাস্তবায়িত করেছিলেন। তাঁর এই আলোকোজ্জ্বল কর্মপদ্ধতি ও আদর্শ নিঃসন্দেহে সত্য ও ন্যায়ের পথের অনুসারীদের জন্য এক মহৎ শিক্ষা, বিশেষ করে যাঁরা পবিত্র ইমামগণের (আ.) ভালোবাসায় নিজেদের হৃদয়কে সমর্পণ করেছেন।
আহলে বাইতের (আ.) দরবারে সেবকত্ব: ফিকাহশাস্ত্রের পাঠদান থেকে শোকানুষ্ঠানের অগ্রভাগ পর্যন্ত
ফিকাহশাস্ত্রে এত উচ্চ মর্যাদা ও অসাধারণ জ্ঞানগত অবস্থান থাকা সত্ত্বেও আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি (রহ.)-এর ব্যক্তিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল আহলে বাইতের (আ.) দরবারে তাঁর নিঃস্বার্থ ভালোবাসা, আনুগত্য ও সেবকত্ব।
এ কারণেই পবিত্র আহলে বাইতের (আ.) ধর্মীয় নিদর্শন ও শোকানুষ্ঠানগুলোর মর্যাদা রক্ষার বিষয়ে তিনি অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল ছিলেন। তিনি এগুলোকে নিজের ওপর অর্পিত একটি স্থায়ী দায়িত্ব বলে মনে করতেন।
ধর্মীয় বিভিন্ন উপলক্ষের মধ্যে বিশেষভাবে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর শোকানুষ্ঠান পালনের প্রতি তাঁর গভীর আগ্রহ ও বিশেষ গুরুত্ব ছিল। জীবদ্দশায় তিনি আইয়ামে ফাতিমিয়ার অনুষ্ঠানগুলোকে সর্বসাধারণের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দিতেন। একই সঙ্গে ধর্মীয় শোকসংগঠনগুলো যেন রাজপথ ও জনসমাগমস্থলে শোকমিছিল বের করে, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করতেন।
আইয়ামে ফাতিমিয়ার মর্যাদা রক্ষা: পবিত্র ইমামগণের (আ.) অনুসারীদের দায়িত্ব
ধর্মীয় শোকসংগঠনগুলোর সদস্যদের নিশ্চয়ই মনে আছে, ১৩৯৮ ফারসি সনের আইয়ামে ফাতিমিয়ার প্রাক্কালে এক বক্তব্যে তিনি ধর্মীয় শোকসংগঠনগুলোকে রাজপথে উপস্থিত হয়ে শোকমিছিল আয়োজনের আহ্বান জানিয়েছিলেন। এর মাধ্যমে আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) এবং আহলে বাইতের (আ.) অন্যান্য সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করার আহ্বান জানান তিনি।
এমনকি ১৩৯৯ ফারসি সনে, যখন করোনাভাইরাস মহামারি চরম পর্যায়ে ছিল, তখন আইয়ামে ফাতিমিয়ার অনুষ্ঠান কীভাবে আয়োজন করা হবে-এ বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আইয়ামে ফাতিমিয়ার অনুষ্ঠান বন্ধ করা যাবে না। বরং স্বাস্থ্যবিধি মেনে এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করে যথাসম্ভব সুন্দরভাবে এই ধর্মীয় দায়িত্ব পালন করতে হবে।
আজ উম্মে আবিহা হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর শাহাদাতের কয়েক দিন পর তাঁর অসংখ্য ভক্ত ও অনুসারী সমবেত হয়েছিলেন, যেন তাঁরা হযরত যাহরা (সা.আ.)-এর অন্যতম আন্তরিক এক অনুরাগীকে তাঁর চিরনিদ্রার স্থানে বিদায় জানাতে পারেন।
নিঃসন্দেহে বেলায়েতের প্রতি অনুগত কুম নগরীর জনগণ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষ অত্যন্ত সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে এই দায়িত্ব পালন করেছেন। ফলে ১৪০৫ ফারসি সনের ২৭ আবান তারিখটি শিয়া ইতিহাস ও ফিকাহশাস্ত্রের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
পবিত্র মাশহাদ নগরীতে আরেকটি জাঁকজমকপূর্ণ জানাজার অপেক্ষা
আগামীকালও পবিত্র মাশহাদুল রেজা (আ.) নগরীতে এই মহান মারজায়ে তাকলিদের জানাজা ও দাফন অনুষ্ঠানে আরেকটি ঐতিহাসিক দৃশ্যের অবতারণা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এভাবে সূর্যের বোনের নগরী হিসেবে পরিচিত কুমে জানাজা সম্পন্ন হওয়ার পর তাঁর পবিত্র মরদেহ অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আর-রেজা (আ.)-এর নূরানি মাজারের সান্নিধ্যে চিরশান্তিতে শায়িত হবে।
আর এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে!
আপনার কমেন্ট